শ্রীপুরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে জসীম শেখ (২৮) নামে একজনকে আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ২০টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। গত সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব্দালপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী সাব্বির হোসেন মোল্লা ও বিএনপি নেতা হাফিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা আইয়ুব হোসেন খাঁনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
 
এ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে রাত ১১টার দিকে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়। ঘটনার সময় ২০টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। এ সময় পুলিশ ১৯ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পুরস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এ ঘটনায় উভয়পক্ষই পরস্পরকে দায়ী করেছে। আওয়ামী লীগ কর্মী সাব্বির হোসেন মোল্ল্যা বলেন, বিএনপি নেতা হাফিজের সাথে আমার দ্বন্দ্ব। তার লোকজন অন্যায়ভাবে আমার সমর্থকদের ৫/৬ টি বাড়িঘর ভাংচুর করেছে। অন্যদিকে প্রতিপক্ষ আইয়ুব হোসেন খাঁন বলেন, প্রায়ই সাব্বিরের লোকজন আমার লোকজনের ওপর চড়াও হয়ে মারধর ও ঘরবাড়ি ভাংচুর করেছে।
 
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো: মাহাবুবুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষই থানায় মামলা দেয়নি।
 
ইত্তেফাক/নূহু