রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর, গোগ্রাম ও দেওপাড়া ইউনিয়নের ৩টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপনির্বাচনের ভোট সুষ্ঠুভাবে গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
এ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার তিনটি ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে আইন শৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় থাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, বাসুদেবপুর ইউনিয়নে লস্করহাটি উচ্চ বিদ্যালয়, গোগ্রাম ইউনিয়নে উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেওপাড়া ইউনিয়নে বিয়ানাবোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার ৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১৭ জন এবং প্রতি বুথে প্রার্থীদের ১জন করে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান, ভোটকেন্দ্রে আইন-শৃংখলা সুষ্ঠু রাখার উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ-আনসার বাহিনী নিয়োগ দেয়া হয়েছিল। বাসুদেবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩ জন এবং ভোটার ২ হাজার ১শ ৬ জন। গোগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ জন এবং ভোটার ১ হাজার ৪শ ১৯ জন। দেওপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ জন এবং ভোটার ২ হাজার ৫শ ৭৬ জন।
আমিনুল ইসলাম নামে একজন ভোটার বলেন, আমরা অনেক আনন্দের সঙ্গে ভোট দিয়েছি। বাসুদেবপুর লস্করহাটি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে।
ইত্তেফাক/নূহু