খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে ট্রাকচালক দেলোয়ার হোসেনকে খুন করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত মাটিরাঙা উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ দুই আসামি পুলিশকে এ তথ্য দিয়েছে। গত ১২ মে ট্রাকচালক দেলোয়ার হোসেনকে খুন করে ট্রাকের কেবিনে লাশ রেখে যায় ঘাতকরা।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার আলী আহমেদ খান সাংবাদিকদের জানান, ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে ট্রাক চালক দেলোয়ার হোসেনকে খুন করা হয়। এ ঘটনায় প্রথমে ট্রাক হেল্পার মো. শাহীনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। মনোরঞ্জন ত্রিপুরা নামে অপর আরেকজন পলাতক রয়েছে।
পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জানা গেছে, জসিম ও মনোরঞ্জন ট্রাকচালক দেলোয়ারকে ৫০ হাজার টাকা দেয় কক্সবাজার থেকে ইয়াবা এনে দেয়ার জন্য। কিন্তু দীর্ঘদিনে সে ইয়াবার চালান বা টাকা না দেয়ায় ১২ মে রাতে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ট্রাকের মধ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। হত্যাকাণ্ড ভিন্ন দিকে প্রভাবিত করতে ট্রাকের কেবিনে লাশ রেখে বাইরে থেকে আটকে দেওয়া হয়।
ইত্তেফাক/নূহু