কমলনগরে ইউপি উপ-নির্বাচনে ২ জাল ভোটারকে নয় হাজার টাকা অর্থদণ্ড

কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের  উপ-নির্বাচনে ২ জাল ভোটারকে নয় হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কমলনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন এ নির্দেশ প্রদান করেন।
 
মঙ্গলবার দুপুরে ভোট চলাকালীন সময়ে জাল ভোট দিতে আসা আবদুস সহিদের ছেলে মোঃ মফিজ (২৫) এবং একই এলাকার জাকিরের স্ত্রী আসমা বেগমের (২৪) বিরুদ্ধে এ নির্দেশ দেয় আদালত। দণ্ডপ্রাপ্তরা উভয়েই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
 
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মধ্য দুপুরে কিছু মানুষ তাদের প্রার্থীদের পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। জাল ভোট চেষ্টার অভিযোগে আসমাকে ৫ হাজার এবং মফিজকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়।
 
প্রসঙ্গতঃ গত ৯ জানুয়ারি অত্র ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম খোকনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়। আজ সেই শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
 
ইত্তেফাক/নূহু