নিষেধাজ্ঞা সত্ত্বেও ঘরোয়া ক্লাবে খেলার অনুমতি পেলেন ব্যানক্রফট

ক্যামেরন ব্যানক্রফটকে ঘরোয়া পর্যায়ে ক্লাব ক্রিকেট খেলার ছাড়পত্র দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বল বিকৃতি কাণ্ডে সব থেকে কম শাস্তি হয়েছে তারই। ২৫ বছরের এই ব্যাটসম্যানকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
 
গত মার্চে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল বিকৃত করেছিলেন তিনিই। এই পরিকল্পনার পিছনে ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দু’জনকেই এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। আর ব্যানক্রফট নিষিদ্ধ হয়েছেন নয় মাসের জন্য্ 
 
দেশটির প্রিমিয়ার ক্রিকেটের নিয়ম অনুযায়ী ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তি স্বাভাবিকভাবেই ক্লাব ক্রিকেটেও মানা হবে। নিউ সাউথওয়েলের ক্ষেত্রে একটু আলাদা। নির্বাসিত থাকার সময় এখানকার প্লেয়াররা ক্লাব ক্রিকেট খেলতে পারবে।  ১৬টি ডব্লুএ প্রিমিয়র ক্রিকেট ক্লাবের মধ্যে আলোচনার পর ব্যানক্রফটকে বিশেষ অনুমতি সাপেক্ষে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।
 
পশ্চিম অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মুখ্য আধিকারিক ক্রিস্টিনা ম্যাথুস বলেন, ‘এই নিয়ে প্রচুর মতবিরোধ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্যামেরুনের জন্য এটা খুব ভাল হল।’ ব্যানক্রফট খেলেছেন মাত্র আটটি টেস্ট। ক্ষমাও চেয়েছিলেন। জানিয়েছিলেন, এই ভুলের জন্য সারাজীবন আফসোস করতে হবে। নতুন  কোচ জাস্টিন ল্যাঙ্গার ইঙ্গিত দিয়েছেন, নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফেরার জন্য ব্যানক্রফটকে স্বাগত।
 
ইত্তেফাক/কেআই