বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে বিএনপি প্রার্থী আতিকুল করিম আপেল জয়লাভ করেছে। ৩ হাজার ৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন বাবু পেয়েছেন ৩ হাজার ২৬৯ ভোট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের পর বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ এপ্রিল উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদে বেলাল হোসেন শ্যামল তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৮ মার্চ দিবাগত রাতে হৃদরোগে মৃত্যুবরণ করেন। এ কারনে ২১ মার্চ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।
ওই ইউনিয়নে চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে পরাজিত প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী গোলাম সরওয়ার ১ হাজার ১৬৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক হাসান ৩৯২ ভোট ও আনোয়ারুল হক সরকার ৮ভোট পেয়েছেন।
ভান্ডারবাড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪হাজার ৩০২ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৯৫জন ও মহিলা ৭ হাজার ৪০৭ জন। নির্বাচনে ৯টি কেন্দ্রের ৪২টি বুথে ৮ হাজার ৪৯০ জন ভোটার শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের মাধ্যমে বিএনপি মনোনিত প্রার্থী আতিকুল করিমকে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু