৮ বারের মত ময়মনসিংহে নৌকার মাঝি হলেন মোসলেম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ৮ বারের মত আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন গণপরিষদ সদস্য প্রবীণ নেতা অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। তিনি ৫ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। প্রবীণ এ নেতাকে মনোনয়ন দেওয়ায় সংসদীয় আসনে উৎসবের আমেজ বিরাজ করছে। 

জানা গেছে, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন ১৯৭০, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। রবিবার দুপুরের দিকে তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। দলে দলে নেতা কর্মীরা উপজেলা সদরে জমা হতে থাকে। উৎফুল্ল আওয়ামী লীগ নেতাদের মুখে ছিল হাসির ঝিলিক। 

মনোনয়ন নিয়ে ঢাকায় ব্যস্ত থাকায় মোসলেম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এমপি পুত্র ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম জানান, ৮ বারের মত মনোনয়ন পাওয়া তার পিতা ছাড়াও আরও আছেন তবে সংখ্যায় কম। 

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শামছুল হুদা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা অন্য রকম গুরুত্ব ভিন্নভাবে দেখছি। ভিন্নভাবে দেখছি এ কারণেই ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। 

ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ জানান, মোসলেম উদ্দিন নবীনদের আস্থাভাজন নেতা হিসাবে স্বীকৃত। নবীনদের ভোটকে কাজে লাগিয়ে এবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয়ী হবে।

ইত্তেফাক/জেডএইচ