গাইবান্ধায় চাচাতো ভাইয়ের হাতে বিএনপি নেতা খুন

গাইবান্ধায় চাচাতো ভাইয়ের হাতে আশরাফুল আলম শাহীন (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা গ্রামে বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ সময় রতন মিয়া নামে একজন গুরুতর আহত হন।
 
বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম ওই গ্রামের আবুল মুনছুরের ছেলে। আহত রতনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
পুলিশ ও গ্রামবাসী জানায়, বাড়ির পার্শ্ববর্তী একখণ্ড জমি নিয়ে আপন চাচাতো ভাই জাহাঙ্গীর আলমের সঙ্গে আশরাফুল আলম শাহীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাহাঙ্গীর আলম ও তার লোকজন মঙ্গলবার ভোরে বিরোধপূর্ণ ওই জমির ধান কাটতে যান। তা টের পেয়ে আশরাফুল আলম ও তার লোকজন বাধা দিতে যান। এর ফলে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে আশরাফুল আলমের ওপর হামলা চালায় জাহাঙ্গীর আলমসহ তার লোকজন। এতে আশরাফুল আলম শাহীন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। 
 
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ নিয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/নূহু