ফুলপুরে পাওনা টাকা চাইতে গিয়ে শ্রমিক খুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ধান কাটার মজুরির পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছেন এমদাদুল হক (৩৫) নামে এক শ্রমিক। এ সময় তার দুই সহোদর ও পার্শ্ববর্তী বাড়ির স্বামী-স্ত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার রূপসি ইউনিয়নে পাঁচকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, পাঁচকাহনিয়া গ্রামের নুরুল ইসলাম ওরফে আবু মিয়ার দিন মুজুর তিন ছেলে পাশের কাতুলি গ্রামের ইসমাইল মুন্সির ছেলে জসিম উদ্দিনের ধান কাটে। এতে ১৮ শ টাকা মজুরি হয়। যার মধ্যে ১ হাজার টাকা পরিশোধ করে। বাকি টাকা দিতে তালবাহানা শুরু করে। শুধু তাই নয় বকেয়া টাকা নিতে শর্ত জুড়ে দেয় হাঁটু পানি থেকে ধান কেটে দেয়ার। এ নিয়ে সোমবার নিহত এমদাদুল হকের ভাগিনা জুয়েলকে মারধর করে ইসমাইলের লোকজন। 
 
মঙ্গলবার আবু মিয়ার তিন ছেলে অন্যের ধান কেটে দুপুরে বাড়িতে আহার করার জন্য আসার পথে ওঁৎ পেতে থাকা ইসলামইল বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের দা দিয়ে কুপিয়ে আহত করে। তাদের বাচাঁতে গিয়ে পাশের বাড়ির মফিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী তাসলিমা (২৩) আহত হন।  আহত তিন সহোদর হলেন, এমদাদুল হক (৩৫), শহিদুল ইসলাম (৩০) ও আলম (২৫)। এদের মধ্যে গুরুতর আহত এমদাদুল ও শহিদুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপতালে নেয়ার পথে এমদাদুল হক মারা যায়।
 
হাসপাতাল সূত্র জানায়, দায়ের কুপে মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে এমদাদুলে মৃত্যু হতে পারে।  
 
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুব আলম রাত সোয় ৮ টায় ইত্তেফাককে জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। লাশ মর্গে আছে।
 
ইত্তেফাক/কেআই