সন্ধ্যা নদীতে মাছ ধরা নৌকা ডুবিতে নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার

সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ও দুপুরে তাদের লাশ উদ্ধার করে গৌরনদীর ফায়ার সার্ভিস, বাবুগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে তারা দুজন বরিশালের বাবুগঞ্জের মোল্লারহাট নামক স্থানে সন্ধ্যা নদীতে ডুবে নিখোঁজ হয়েছিল।
 
নিহত দুজন হলেন আবুল বশার হাওলাদার (৪৫)। সকালে তার ভাসমান লাশ উদ্ধার হয়। অপর জেলে সুবাশ দাশের (৪০) লাশ জেলেদের জালে আটকা পরে দুপুরে। আবুল বশার হাওলাদার গৌরনদীর উত্তর সাকোকাঠি গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের পুত্র ও সুবাশ দাশ একই গ্রামের সুধির দাসের পুত্র।
 
নিহত ২ জেলের লাশ বুধবার ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলে সুবাশ ও বছার প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে নৌকা নিয়ে বাবুগঞ্জের মোল্লারহাট নামক স্থানে সন্ধ্যা নদীতে জাল ফেলে মাছ ধরছিল। ওইদিন ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ভাণ্ডারিয়াগামী এমভি মহারাজ-৭ লঞ্চটি এসে তাদের মাছধরা নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকার তলা ফেটে নৌকাটি পানিতে ডুবে যায়। এরপর তাদের উদ্ধারের চেষ্টা না করে লঞ্চ চালক ও কর্মচারীরা দ্রুত লঞ্চ চালিয়ে ওই স্থান ত্যাগ করে।
 
পরবর্তীতে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে গৌরনদীর সরিকল ইউপি সদস্য অফজাল হোসেন মোল্লা স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। খবর পেয়ে সেখানে পুলিশ আসে। এরপর বাবুগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে নদীতে তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে একখানা বিচ্ছিন্ন পা (বশার হাওলাদারের) উদ্ধার করা হয়। একই সাথে জেলেদের নৌকাটিও উদ্ধার করা হয়েছে।
 
বাবুগঞ্জ থানার ওসি আঃ ছালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/নূহু