বরিশালের গৌরনদীতে ৬ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে বুধবার সকালে রাতুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতুল গৌরনদী উপজেলা প্রকৌশল দফতরের কম্পিউটার অপারেটর মোঃ ফারুক হোসেনের পুত্র। নির্যাতিত শিশু তানভীর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের পিয়ন মোঃ শিপনের পুত্র। তাদের উভয়ের পরিবার উপজেলা কোয়ার্টারে পাশাপাশি বাসায় বসবাস করতো।
গৌরনদী থানা সূত্রে জানা গেছে, তানভীর মাহমুদকে (৬) একা পেয়ে রাতুল তাদের নির্জন বাসায় ডেকে নিয়ে মুখ বেঁধে বলাৎকার করে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে তার বাবা-মা আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর বাবা গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বুধবার সকালে রাতুলকে গ্রেফতার করে। ওইদিনই তাকে বরিশাল আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
গৌরনদী উপজেলা কর্মচারী কোয়ার্টারের বাসিন্দারা জানান, রাতুলের হাতে এর আগেও কয়েকটি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। তবে মান-ইজ্জতের ভয়ে কেউ মুখ খোলেনি।
এ ছাড়া রাতুল কোয়ার্টারের বিভিন্ন বাসার মোবাইল চুরিসহ একাধিক চুরির ঘটনার সঙ্গেও জড়িত বলে তারা অভিযোগ করেন।
ইত্তেফাক/নূহু