রংপুর সিটি কর্পোরেশনে প্রায় দেড় বছর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেই। এদিকে ম্যাজিস্ট্রেট না থাকায় সিটি কর্পোরেশন এলাকায় সব ধরণের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে না। জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন তাতে আগ্রহ নেই সিটি কর্তৃপক্ষের। সিটি কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট পোস্টিং চান।
জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনে গোলাম কিবরিয়া নামের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। তিনি ২০১৭ সালের ১৫ জানুয়ারি সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে চলে যান। এরপর থেকে এই পদে কাউকে আর পোস্টিং দেয়া হয়নি। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিহীন চলছে রংপুর সিটি কর্পোরেশন। ম্যাজিস্ট্রেট কিবরিয়া দায়িত্ব পালনকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার যে গতি ছিলো তা এখন একেবারে বন্ধ হয়ে গেছে। আর এই সুযোগে নানান ধরণের অপরাধ, মাদক দ্রব্য, পাড়ায় পাড়ায় নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি, অবৈধ দখলদারদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রসঙ্গে জেলা প্রশাসক এনামুল হাবীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিটি কর্পোরেশন এলাকায় আদালত পরিচালনার দায়িত্ব সিটি কর্তৃপক্ষের। সেক্ষেত্রে আমাদের সাপোর্ট লাগলে আমরা দেবো। ম্যাজিস্ট্রেট নেই আমাদের কাছেতো চাইতে হবে।
এ ব্যাপারে সিটি'র প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদের সাথে কথা হলে তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিটিতে পোস্টিং এর ব্যাপারে মন্ত্রী মহোদয়ের মাধ্যমে ডিও লেটার পাঠানো হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে।
ইত্তেফাক/এসএস