পেট থেকে বের হলো ২ হাজার ইয়াবা, আটক ২

সীতাকুণ্ডে দুই কিশোরের পেট থেকে ২ হাজার ইয়াবা বের করে তাদের আটক করেছে  পুলিশ। আটক দুজনের নাম নুরুল আমিন(১৭) ও রায়হান মিয়া (১৬)।
 
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে নেতৃত্বে ছিলেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ মাইদুল ইসলাম। এ সময় পুলিশ ৮নং সোনাইছড়ি ইউনিয়নস্থ পাক্কা মসজিদ এলাকার ঘোড়ামরা নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বলেশ্বর পরিবহন (ব-১১-৫৬৪৭) তল্লাশী চালায়। এ সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে বাসের যাত্রী নুরুল আমিন ও রায়হান মিয়াকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা পেটের ভিতরে বহন করে ২ হাজার পিচ ইয়াবা মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছে বলে পুলিশের কাছে স্বীকার করে।
 
পরে তাদের থানায় এনে বিশেষ পদ্ধতিতে ঔষধের মাধ্যমে দুইজনের পেট থেকে পলিথিন মোড়ানো এক হাজার করে দুই হাজার ইয়াবা ট্যাবলেট বের করা হয়। আটকৃতদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নাইট্টম পাড়া ও হাবিছ ছড়া গ্রামে এবং তাদের পিতা মোঃ অলি আহম্মদ ও মৃত ইদ্রিস মিয়া।
 
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
 
ইত্তেফাক/নূহু