পীরগঞ্জে স্বামীর বিরুদ্ধে জুসের সঙ্গে বিষ পান করিয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম জাহানারা বেগম (৪৫)। এ ঘটনায় বৃহস্পতিবার ঐ গৃহবধুর ছেলে বাদী হয়ে সৎ পিতার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম আফাজ উদ্দিন (৩৮)। পুলিশ ও এলাকাবাসী জানায়, জাহানারা বেগমের দ্বিতীয় স্বামী আফাজ উদ্দিন।জাহানারা উপজেলার ক্ষিদ্র গড়গাঁ গ্রামের মৃত কালু মোহাম্মদের কন্যা। বুধবার মধ্যরাতে জাহানারা বেগম অসুস্থ হলে তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে তার স্বামী। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা মারা যান।
স্বজনদের অভিযোগ কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে লাশ নিয়ে ভেবরা গ্রামের দ্রুত দাফনের ব্যবস্থা করে আফাজ। এতে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এ ঘটনায় বৃস্পতিবার সকালে জাহানারা বেগমের বড় ছেলে জাহিদুর রহমান বাদী হয়ে সৎ পিতা আফাজ উদ্দিনের বিরুদ্ধে তার মাকে জুসের সাথে বিষ খাইয়ে হত্যার অভিযোগ দায়ের করে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে জাহানারা ভর্তি হয়ে ছিলেন।
পীরগঞ্জ থানার ইন্সপেক্ট (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, বিষয়টি সন্দেহজনক হওয়ায় আফাজ উদ্দিনকে আটক করা হয়েছে এবং লাশ মর্গে পেরণ করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট আসলে বুঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু।
ইত্তেফাক/নূহু