বরিশালে র্যাব-৮ অভিযান চালিয়ে ৬৭০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তি পাইকারী মাদক কারবারি মোঃ কাওছার খান (৩৭)। বৃহস্পতিবার বিকেলে গৌরনদী পৌরসভার রড় কসবা আল্লাহর মসজিদ বাসট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাবের ডিএডি সৈয়দুজ্জামান বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। গ্রেফতারকৃত কাওছার খানের বাড়ি গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী মহল্লায়। সে ওই মহল্লার মৃত সামছুল হক খানের পুত্র।
এজাহারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন জানান, বুধবার বিকেল ৬টার দিকে বরিশাল র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রড় কসবা আল্লাহর মসজিদ বাসট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় হারুন অর রশিদের ওষুধের দোকানের সম্মুখে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেলযোগে মোঃ কাওছার খান পালানোর চেষ্টা করে। র্যাব ধাওয়া করে কাওছারকে আটক করে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশী করে ৬৭০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
বৃহস্পতিবার সকালে পুলিশ ধৃত মাদক ব্যবসায়ী কাওছারকে বরিশাল চিফ জুডিশিয়াল আদালতে হাজির করে। আদালত কাওছারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।
ইত্তেফাক/নূহু