পঞ্চগড়ের আটোয়ারীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জোৎস্না বেগম (৪৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখ্যাতি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে আটোয়ারী থানা পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী সোলায়মান আলী পলাতক।
 
আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল আজাদ জানান, সুখ্যাতি গ্রামের মৃত জমেদ্দীনের ছেলে ফকিরগঞ্জ বাজারের মাইক ও লন্ড্রি ব্যবসায়ী মো. সোলেমান আলী (৫০) দিনের কোন এক সময় তার স্ত্রী জোৎস্না বেগমকে শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে মারপিট করে। এতে তার মৃত্যু হলে ঘরে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। ওই পরিবারের একমাত্র ছেলে ফরহাদ (১৬) দোকান থেকে বাসায় এসে ঘরে তালা লাগানো অবস্থায় দেখতে পায়। মাকে খোঁজ খবর করে খুঁজে না পেয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মায়ের লাশ বিছানায় পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসি আটোয়ারী থানা পুলিশকে খবর দেয়।
 
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
 
ইত্তেফাক/নূহু