স্বদেশী ক্লাব জুভেন্টাসে প্রায় দেড় যুগ কাটিয়ে দিয়েছেন। সেই ক্লাবটির সঙ্গে দীর্ঘ দিনের এই সম্পর্কের ইতি টানছেন ইতালি জাতীয় দলের সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আগামী শনিবার দলটির হয়ে সিরি এ’র শেষ ম্যাচ খেলবেন তিনি।
দীর্ঘ ১৭ বছরে বুফন জিতেছেন ১১টি সিরি এ’ শিরোপা, যা অন্য যে কোনও খেলোয়াড়ের চেয়ে বেশি।৪০ বছর বয়সী বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন। বুফন জানিয়েছেন, একটি অফার পাওয়ায় অবসরের বিষয়ে আরেকটু ভাবছেন। দুই তিন-দিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
আপাতত ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিষেধাজ্ঞায় রয়েছেন বুফন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে রেফারি সম্পর্কে বিরূপ মন্তব্য করে নিষিদ্ধ হন তিনি। ক্ষোভ থেকে এসব মন্তব্য করায় এ দিন দুঃখ প্রকাশও করেছেন তিনি।
২০০১ সালে ২৩.৩ মিলিয়ন পাউন্ড বিশ্ব রেকর্ডে গোলরক্ষক হিসেবে জুভেন্টাসে যাত্রা শুরু করেন বুফন। এ পর্যন্ত ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ৫০৮টি ম্যাচ।
ইত্তেফাক/কেআই