আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত পর্তুগালের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড থেকে বিষ্ময়করভাবে বাদ পড়েছেন দুই স্ট্রাইকার এডার ও নানি।তাদের পরিবর্তে জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কোচ ফার্নান্দো স্যান্টোস দলে টেনেছেন তরুণ তারকা আন্দ্রে সিলভা ও গনসালো গুয়েডেসকে।
২৩ জনের দলে জায়গা হয়নি আন্দ্রে গোমেজেরও।এডার ও নানির মত তিনিও ২০১৬ ইউরো টুর্নামেন্টে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।চূড়ান্ত দলে জায়গা পাননি পোর্তোর মিডফিল্ডার ইনজুরি গ্রস্ত দানিয়ালো পেরেইরাও।ফলে পর্তুগাল দলের আক্রমণভাগে ত্রিশোর্ধ খেলোয়াড় হিসেবে থাকছেন শুধু মাত্র ৫ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী ৩৩ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এবং ৩৪ বছর বয়সী রিকার্ডো কারাসেমা।
২০১৬ ইউরো টুর্নামেন্টের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করা এডার লোকোমোটিভ মস্কোর হয়ে সাম্প্রতিক সময়ে ভাল করতে পারছেননা। রাশিয়া প্রিমিয়ার লীগের খেতাব জয়ী দলের হয়ে তিনি মাত্র চারটি গোল করতে পেরেছেন।
৩১বছর বয়সি নানি তার দেশের হয়ে তৃতীয় সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহনকারী ফুটবলার।রোনালদো ও লুইস ফিগোর পরের অবস্থান ১১২ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পর্তুগাল তারকার। তবে চরতি মৌসুমে ল্যাৎসিওর হয়ে মাত্র ২৪টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি।
৬৩ বছর বয়সি কোচ স্যান্টোস বলেন,‘মানবিক দিক থেকে ২০১৬ ইউরোতে থাকা খেলোয়াড়দের দল থেকে বাদ দেয়া কঠিন।পর্তুগীজ ফুটবলের সমৃদ্ধ ইতিহাস লিখতে তাদের সকলেরই অবদান রয়েছে।তবে আমি এই মুহুর্তে দলের জন্য যাদের বেশী ভাল মনে করেছি কেবল তাদেরকেই অন্তর্ভুক্ত করেছি।’
১৪ জুন শুরু হওয়া রাশিয়া বিশ্বকাপে বি’ গ্রুপে পর্তুগালের সঙ্গে রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, মরক্কো ও ইরান।
বিশ্বকাপের চুড়ান্ত আসরে নামার আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নিবে পর্তুগাল।প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হবে তিউনিশিয়া, বেলজিয়াম ও আলজেরিয়ার।
২৩ সদস্যের পর্তুগাল দল:
গোল রক্ষক: এ্যান্তোনি লোপেজ, বেটো, রুই প্যাট্রিসিও,
ডিফেন্ডার: ব্রুনো আলভেজ, সেড্রিক সোয়ারেস, হোসে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গুয়েরেইরো, রিকার্ডো পেরেইরা, রুবেন দিয়াস
মিডফিল্ডার: আড্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেস, হোয়াও মারিও, হোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেস, উইলিয়াম ক্যারাভালো, বার্নার্ডো সিলভা
ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, ক্রিস্টিয়ান রোনালদো, জেলসন মার্টিনস, গনসালো গুয়েডেস, রিকার্ডো কারাসেমা। বাসস।
ইত্তেফাক/রেজা