ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।নিহত ইমন অটোরিকশার চালক রানা (১৫) হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
 
পুলিশ জানায়, উপজেলার বড়াইল এলাকার অটোরিকশা চালক রানাকে (১৫) গত ১৭ মে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন মামলা করা হয়। সেই মামলার এজাহারনামীয় আসামি মো. ইমনকে (১৯) গ্রেফতার করে পুলিশ।
 
অন্য আসামিদের গ্রেফতার করা জন্য ইমনকে নিয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পলাতক আসামি প্রান্ত (২২) ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়ে এবং ইমনকে ছিনিয়ে নিতে চেষ্টা চালায়।
 
পুলিশও পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের গোলাগুলিতে এক পর্যায়ে ইমন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি