কনসাল জেনারেল মো. শামীম আহসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট। এ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার কনস্যুলেটে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের ভালবাসায় সিক্ত হন তিনি।
শামীম আহসানই একমাত্র বাংলাদেশি কূটনীতিক যিনি একটানা চার বছর নিউইয়র্কে কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন এবং প্রবাসীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন। সম্প্রতি সরকার তাকে পদোন্নতি দিয়ে নাইজেরিয়ার বাংলাদেশের হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছেন। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, মূলধারার রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সম্পাদক, সাংবাদিক, ইউএস সিভিল সোসাইটি, কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দসহ নানান শ্রেণীপেশার বিপুল প্রবাসী যোগ দেন। বিদায়ী কনসাল জেনারেল শামীম আহসান, তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী, ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামসহ কনস্যুলেটের সিনিয়র কর্মকর্তারা এসময় অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, ভারত, নেপাল, লিথুয়ানিয়া, সৌদি আরব, বেলারুশ, কাজাখিস্তান ও গায়ানার কন্সাল জেনারেল, নেপালের ডেপুটি কনসাল জেনারেল, পাকিস্তান ও নাইজেরিয়ার কনসাল, শ্রীলংকার ডেপুটি পার্লামেন্টের প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নর্দার্ন এরিয়া ডিরেক্টর ব্রুক কèবেল, ফরেন প্রেস সেন্টারের ডিরেক্টর ক্যাথেলেন ইগান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান ও কাদেরী কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. শামীম আহসান, তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারের ডিরেক্টর ক্যাথেলেন ইগান, নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল, নিউইয়র্কে নাইজেরিয়ার কনসাল জেনারেল বক্তব্য দেন।
নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও বিদায়ী কনসাল জেনারেল শামীম আহসানকে একজন সফল কূটনীতিক হিসেবে অভিহিত করে তার কাজের স্বীকৃতি স্বরূপ একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। অনুষ্ঠানে শামীম আহসানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসীরা।
কনসাল জেনারেল মো. শামীম আহসান তার বক্তব্যে বাংলাদেশের দ্রুত এগিয়ে যাওয়ার পেছনে প্রবাসীদের বলিষ্ঠ ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। প্রবাসীদের প্রশংসা করে তিনি বলেন, সর্বস্তরের প্রবাসীদের আন্তরিক সহযোগিতাই তার কাজকে সহজ করে দিয়েছে। প্রবাসীদের এ আন্তরিক সহযোগিতা ও ভালবাসা সবসময় তার প্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা নিউইয়র্কে কনসাল জেনারেল মো. শামীম আহসানের সেবাধর্মী ব্যতিক্রমী নানান কার্যক্রম মাইলফলক হয়ে থাকবে বলে উল্লেখ করেন। তারা কনসাল জেনারেলকে একজন সফল কূটনীতিক হিসেবে উল্লেখ করে তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন ও আন্তরিক ধন্যবাদ জানান। আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনাটি শেষ হয়।
IMG0
উল্লেখ্য, নিউইয়র্ক বাংলাদেশের নতুন কনসাল জেনারেল হিসাবে যোগ দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেছা। তিনি ২০১৫ সালে জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
ইত্তেফাক/এসএস