সড়কে চলতে চলতে হঠাৎ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৯টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়। এতে আহত হয়েছেন ১০জন।
জানা যায়, শরীয়তপুর জেলা শহর থেকে বাসটি গোসাইরহাট উপজেলায় যাচ্ছিল। পথিমধ্যে ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আনন্দ বাজার ব্রিজ পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় ১০জন আহত হন। আহতদের উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর শুনে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। এদিকে ডামুড্যা ফায়ার সার্ভিসের দলের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ইত্তেফাক/এসএস