জেলা আওয়ামী লীগের একাংশ মতিয়া চৌধুরীকে শেরপুর থেকে প্রত্যাহারের অগণতান্ত্রিক সুপারিশ ও নকলা উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহকে অবৈধ বহিষ্কারের প্রতিবাদে শনিবার রাতে ঢাকা-শেরপুর মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। নকলা উপজেলা আওয়ামী এ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিৎ কুমার ধর, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিকরুল হাসান পিকুল, সাধারণ সম্পাদক মজিবুল আজাদ ডেবিড প্রমুখ।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক সভায় মতিয়া চৌধুরীকে শেরপুর থেকে প্রত্যাহারের সুপারিশ ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ এবং শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক।
ইত্তেফাক/আরকেজি