পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সদরুল আলম পিন্টু হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। রবিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে ‘ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ কর্মীবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন নিহত সদরুল আলম পিন্টুর বাবা আজাদ আলী, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খায়রুজ্জামান রঞ্জন, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত রহমান রাসেল, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক বিশ্বাসসহ প্রমূখ নেতৃবৃন্দ। এ সময় জুবায়ের বিশ্বাস ছাত্রলীগ নেতা সদরুল আলম পিন্টু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
পিন্টুর বাবা আজাদ আলী বলেন, পিন্টু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। আমি আমার সন্তানের হত্যাকারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উল্লেখ্য, গত ১ এপ্রিল সন্ধ্যায় পাকশীর রূপপুর মোড়ে পিন্টুকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরের দিন ২ এপ্রিল ভোর ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিন্টু মারা যান। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক ছাত্রলীগ কর্মী সৌরভ হাসান টুনটুনিকে প্রধান আসামি করে পিন্টুর বাবা আজাদ আলী মামলা দায়ের করেন। এই মামলার নামীয় কোন আসামি এখনো গ্রেফতার হয়নি।
ইত্তেফাক/নূহু