মির্জাপুরে পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া সংযোগ সড়কে কুতুববাজার এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন বলে পুলিশ দাবী করেছে।নিহত ছিনতাইকারীর নাম মো. ইমন মিয়া (৩০), পিতার নাম মো. ইয়াকুব আলী, বাড়ি মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী পুর্বপাড়া বলে পুলিশ সুত্র জানিয়েছে।
 
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া রোডে যানবাহনে ছিনতাই হচ্ছে এমন খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশের এসআই মো. মনিরুজ্জামান মুন্সি ও আলী আযম কয়েকজন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ছিনতাইকারী দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ নিজেদের আত্মরক্ষার জন্য পাল্টা গুলি করে।
 
উভয়ের মধ্যে গুলি বিনিময়ের সময় ছিনতাইকারী ইমন গুরুতর আহত হয়। মির্জাপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে। অপর ছিনতাইকারীদের পুলিশ আটক করতে পারেনি।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ইমন পেশায় একজন ছিনতাইকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/নূহু