ফেনীর ছাগলনাইয়া পাঠানগড় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হয়েছে।
ছাগলনাইয়া থানার পরিদর্শক এমএম মুর্শেদ পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি বিশাল মাদকের চালান ছাগলনাইয়ার পাঠানগড় থেকে বাইরে যাচ্ছে।শনিবার দিবাগত রাত ১২টার দিকে পাঠানগড় এলাকা পুলিশ ঘেরাও করে। এ সময় মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর উপর্যুপরি গুলি বর্ষণ করতে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে মাদক ব্যবসায়ীর ওপর গুলিবর্ষণ করে। মাদক ব্যবসায়ীরা পুলিশি সাড়াশি আক্রমণে পালিয়ে যায়। তবে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৫) গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে আধুনিক ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে আলমগীর মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট, ১শ বোতল ফেন্সিডিল, একটি অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত ২ পুলিশ সদস্য এসআই লোকমান হোসেন ও মতিউর রহমানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন পাঠানগড় বাজারের উত্তর পাশের ভূঁঞাবাড়ির মৃত আবদুস সালাম ভূঁঞার ছেলে। তার বিরুদ্ধে ফেনী, ফুলগাজী ও ছাগলনাইয়া থানায় ৯টি মামলা রয়েছে।
এলাকায় পুলিশি অভিযান অব্যাহত আছে বলে পুলিশ পরিদর্শক ইত্তেফাককে জানান।
ইত্তেফাক/নূহু