রংপুরের বদরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে ইমন বাবু (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি দাড়িয়ারপাড়া (খামারপাড়া) এলাকায়। শিশু ইমন দাড়িয়ারপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
জানা যায়, আজ সকাল থেকেই ইমন বাবুকে পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে বাড়ির পাশের এক ভুট্টাক্ষেতে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ইমনকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জামির আহমেদ জানান, হাসপাতালে আসার আগেই ইমন বাবু মারা গেছে।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান শিশু ইমনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
এ ঘটনায় ইমনের পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/নূহু