গোপালগঞ্জের মুকসুদপুরে অটো রিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন বেপারী (১২) নামে এক বালকের মৃত্যু হয়েছে। রিমন উপজেলার চরপ্রসন্নদী গ্রামের রাজ্জাক বেপারীর একমাত্র ছেলে। সে টেকেরহাট পপুলার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ফুড গোডাউনের সামনে কামরুল শেখের বিল্ডিংয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে তাদের ভাড়াকৃত কামরুল শেখের বিল্ডিংয়ে অটোরিক্সায় চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে অটোরিক্সাটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় রিমন বেপারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু