চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান

 
নগরীতে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল রবিবার আকবরশাহ রেলওয়ে কলোনিতে অবৈধ বসতি উচ্ছেদে অভিযান পরিচালিত হয়। কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবাইর আহমেদ অভিযানে নেতৃত্ব দেন।
 
 রেলওয়ের মালিকানাধীন এই পাহাড়ে বিপুল সংখ্যক ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। অভিযানকালে ৭/৮টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়। অভিযানকালে পুলিশ, আনসার সদস্য কেজিডিসিএল, পিডিবি, চট্টগ্রাম ওয়াসার কর্মীরাও ছিলেন। ক্রমান্বয়ে অন্যান্য পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
 
এদিকে চট্টগ্রামে বৃষ্টিপাতে মানুষের জীবনযাত্রায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত দু’দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস তিন ঘণ্টায় ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।  বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগ বেড়েছে। নগরীর ক্ষতিগ্রস্ত ও নির্মানাধীন সড়ক গুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। গর্তে আটকা পড়ে যানবাহন বিকল হয়ে যানজট হচ্ছে।
 
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, রবিবার বিকেল তিনটা পর্যন্ত  ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।  নগরীর কয়েকটি উঁচু সড়কে হাঁটু পরিমাণ বৃষ্টির পানি জমেছে। আগ্রাবাদ এক্সেস রোড, সিডিএ আবাসিক, আগ্রাবাদ হোটেলের সামনে, কাতালগঞ্জ সড়কে বৃষ্টির পানি জমে যানজট সৃষ্টি হয়েছে। নগরীতে ভাঙা সড়কগুলোতে যাতায়াতকারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বহদ্দারহাট মোড় থেকে কর্ণফুলী সংযোগ সড়কের এক কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় যাবাহন চলাচল করতে পারছে না। এই পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ষোলশহর ২নং গেট, বেবী সুপার মার্কেট, আরকান সড়ক, ফিরিঙ্গি বাজার মেরিনার্স সড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
 
চট্টগ্রাম ওয়াসার তিনটি নিয়ন্ত্রণ কক্ষ চালু
 
রমজানে পানি সরবরাহ নিয়ে গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য তিনটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে চট্টগ্রাম ওয়াসা। রমজানে পানি সরবরাহ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে এসব নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। একই সঙ্গে পানির অপচয় ও অবৈধ সংযোগের মাধ্যমে পানি ব্যবহার থেকে বিরত থেকে সুষ্ঠু পানি সরবরাহে সহযোগিতার অনুরোধ জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ কক্ষ তিনটি হলো- দামপাড়া প্রধান কার্যালয় (০৩১-৬১৬৫৯২), আগ্রাবাদ মড-১ (০৩১-৭২৪৮৭৫) ও জুবিলি রোড (০৩১-৬১৬৭৬৮)।
 
ইত্তেফাক/মোস্তাফিজ