ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সবদুল ইসলাম মন্ডল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নরেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এসময় র‌্যাবের ৩ সদস্য আহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
 
র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, র‌্যাবের একটি টহল দল নরেন্দ্রপুর গ্রামের তেমাথায় চেকপোস্ট বসিয়ে টহলে দিচ্ছিল।
 
এ সময় সবদুল ইসলাম ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। র‌্যাব সদস্যরা তাদের তাল্লাশি করতে চায়। এসময় চ্যালেঞ্জ করলে সহযোগীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। উভয় পক্ষের মধ্যে কয়েক মিনিট গোলাগুলি হয়। এ পর্যায়ে তারা পালিয়ে যায়।  সবদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
 
র‌্যাব ঘটনাস্থল থেকে বিদেশি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা ও একটি হেলমেট উদ্ধার করেছে। 
 
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান বলেছেন, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
 
ইত্তেফাক/আরকেজি