এবার পুলিশের মোটরসাইকেল চুরি

এবার পুলিশের মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর থানার ক্যাম্প পাড়ায়।
 
থানা সূত্রে জানা যায়, এ.এস.আই সালাউদ্দিন তার ক্যাম্প পাড়ার বাসায় মোটরসাইকেল রেখে রাতে ঘুমাতে গেলে চোরেরা ঘরের গ্রিল কেটে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। মহেশপুরে মোটরসাইকেল চুরি নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে কানাইডাঙ্গা গ্রামের দাউদ মণ্ডলের ছেলে শফি মাস্টারের বাজাজ প্লাটিনা ১০০সিসি মোটরসাইকেলটি বাড়ির গেটের সামনে থেকে দিনের বেলায় চুরি হয়ে যায়। তার আগের সপ্তাহে মহেশপুর শহরের ডিম ব্যবসায়ী ইউনুস আলীর রাতে বাসার গ্রিল কেটে তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এমন কোন মাস নেই যে মাসে মোটরসাইকেল চুরি হচ্ছে না। কিন্তু চোরেরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।
 
এ ব্যাপারে মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস.আই কামালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মোটরসাইকেল চোর সিন্ডিকেট আটকের জোর তৎপরতা চলছে।
 
ইত্তেফাক/এসএস