স্কুলের টিন বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন প্রধান শিক্ষক

রংপুরের বদরগঞ্জে স্কুলের টিন চুরি করে বিক্রি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন ওসমানপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান জয়া।
 
আজ সোমবার সকালে স্কুল বন্ধ থাকার সুযোগে প্রধান শিক্ষক ভ্যান নিয়ে স্কুলে গিয়ে সকলের অগোচরে স্কুলের স্টোররুমে রাখা স্কুলের টিন ভ্যানে তুলতে থাকে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী এক জোট হয়ে টিনসহ প্রধান শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল হতে প্রধান শিক্ষককে চুরিকৃত টিনসহ থানায় নিয়ে আসে। 
 
এ ঘটনায় জিজ্ঞাসা করা হলে প্রধান শিক্ষক ইসরাত জাহান কোন সদুত্তর দিতে পারেনি। 
 
ওসমানপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান জানান, প্রধান শিক্ষক আমাদের কাউকেই বিষয়টি না জানিয়ে টিন চুরির ঘটনাটি ঘটিয়েছে।
 
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে চুরিকৃত টিনসহ প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে।
 
বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম জানান, বিষযটি জেনেছি। তার বিরুদ্ধে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক জানান, বিষয়টি জেনেছি। ওই প্রধান শিক্ষককে টিনসহ থানায় নিয়ে আসা হয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 
ইত্তেফাক/নূহু