নাগেশ্বরীতে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
 
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজারে বিজিবি ক্যাম্প ও কচাকাটা থানা সংলগ্ন ১০শতক জমির মালিকানা নিয়ে কুড়িগ্রামের জজ আদালতে স্থানীয় ব্যবসায়ী সাইদুল ইসলাম ও শফিকুল ইসলাম গং এর দীর্ঘদিন থেকে মামলা চলে আসছিল। আদালত ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি ওই জমির বিচার নিষ্পত্তি হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। এ বছরের ১৬ এপ্রিল মামলার রায় পান ব্যবসায়ী সাইদুল ইসলাম। আদালত ১৪৪ ধারার প্রসিডিং আদেশ জারি করে তা কচাকাটা থানায় প্রেরণ করে। আজ সোমবার সকালে এই রায় অমান্য করে শফিকুল ইসলামসহ তার লোকজন ওই জমির দখল নিয়ে চারদিকে টিনের বেড়া দিয়ে ঘিরে নেয়।
 
সাইদুল ইসলাম বলেন, আদালতের রায় তার পক্ষে থাকলেও প্রতিপক্ষ শফিকুল ইসলাম তার লোকজনসহ জোরপূর্বক জমিটির দখল নিতে আসলে আমি কচাকাটা থানা পুলিশের সহযোগিতা চাই। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে নির্বাক দর্শকের ভূমিকা পালন করে।
 
অভিযুক্ত দখলকারী শফিকুল জানান, নিম্ন আদালতের দেয়া ওই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করেছেন।
 
কচাকাটা থানা অফিসার ইনচার্জ ফারুক খলিল জানান, আদালতের ১৪৪ ধারার প্রসিডিং আদেশ পাওয়ার পর নিয়মানুযায়ী দুই পক্ষকে জানিয়ে দিয়ে তা আদালতকে অবহিত করা হয়েছে। সোমবারের ঘটনায় তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ সত্য নয়। বেড়া নির্মাণের শেষে তারা সেখানে উপস্থিত হন।শফিকুলকে বেড়া সরিয়ে নিতে বললেও সে তা মানেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া সাইদুলকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এসএস