রাজশাহীতে ছুরিকাঘাতে গাড়ি চালক নিহত

রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গাড়ি চালক প্রশান্ত কুমার ঘোষ (২২) নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রশান্ত নগরীর বুলনপুর ঘোষপাড়ার স্বপন কুমার ঘোষের ছেলে।
 
পুলিশ জানায়, প্রশান্ত ও তার বন্ধু শাকিল পুলিশ লাইন হাসপাতালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চার থেকে পাঁচজন যুবক প্রশান্তের উপর হামলা চালায়। তারা প্রথমে প্রশান্তকে মারপিট ও পরে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। হামলায় শাকিল আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে প্রশান্তকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
খুনের কারণ জানার জন্য আহত শাকিলকে রামেক হাসপাতালে জিজ্ঞাসাবাদ করছেন রাজশাহী মহানগর পুলিশের ডিসি পশ্চিম আমির জাফর। নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেছেন, খুনের কারণ জানা যায়নি। পুলিশ এ বিষয়ে কাজ শুরু করেছে। পূর্ব শক্রতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
 
ইত্তেফাক/আরকেজি