উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের মোবাইল নম্বর ক্লোন করে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন।
জানা যায়, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের মোবাইল নম্বর থেকে রবিবার বেলা ২টা ৪ মিনিটে একটি ফোন আসে তার অফিসের সিএ মো. ফারুক হোসেনের নম্বরে। প্রতারক চক্র ফোন করে জরুরি প্রয়োজনে একটি বিকাশ নম্বরে ৫ হাজার টাকা পাঠিয়ে দিতে বলে। ফারুক ৫ হাজার টাকা পাঠিয়ে দেন। তবে ক্লোন করা নম্বরের আগে শূন্য (০) ছিল না।
কিছুক্ষণ পরে তার কাছে পুনরায় ফোন করে আরও ২ হাজার টাকা বিকাশ করতে বলে তারা। তখন ফারুক টাকা নেই বললে অপর প্রান্ত থেকে তারা ফোন কেটে দেয়।
ফারুক ইউএনওর নম্বরে কল দিয়ে জানতে পারেন তিনি তার কাছে টাকা চাননি। পরে বিকাশ নম্বরে ফোন করলে তাও বন্ধ পেয়ে প্রতারকের ক্ষপ্পরে পড়ার বিষয়টি নিশ্চিত হন তিনি।
ইউএনও মো. শরিফুল ইসলাম জানান, পুরো ঘটনাটি বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমানকে জানিয়েছেন এবং তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। ওসি মো. খলিুুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি