সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদের আগের চারদিন এবং ঈদের পরের চারদিনসহ মোট নয়দিন ২৪ ঘণ্টা সিএনজি চালু রাখার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী আজ মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতু এলাকায় আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করা ও টোল প্লাজা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আসন্ন ঈদযাত্রা হয়তো ভোগান্তিমুক্ত হবে না তবে তা সহনীয় পর্যায়ে থাকবে।
এসময় তিনি আরো বলেন, ঈদের আগের চারদিন আর পরের চারদিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু আর উল্টোপথে ভিআইপি এলেও তাদের আটকে দেওয়ার নির্দেশ দেন হাইওয়ে পুলিশকে।
এ সময় সংসদ সদস্য শামীম ওসমান, সংসদ সদস্য লিয়াকত আলী খোকা, সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু