গুজরাটের রাস্তায় পুলিশের হাতে নাজেহাল জাদেজার স্ত্রী

ভারতের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রীর উপর হামলা করেছে এক পুলিশ কনস্টেবল। ঘটনাটি সোমবারের। জাদেজার স্ত্রী রিভা তার নিজের গাড়িতেই ছিলেন। তার গাড়ি পেছন থেকে ধাক্কা দেয় এক কনস্টেবলের বাইকে। দুর্ঘটনাটা ছিল খুব ছোট। কিন্তু সেই কনস্টেবল পাল্টা হামলা চালান জাদেজার স্ত্রীর উপর।
 
গুজরাট রাজ্যের জামনগরের সারু অঞ্চলের ঘটনা। জামনগর পুলিশ ঘটনার পরই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই ঘটনার জন্য আটক করা হয়েছে সেই কনস্টেবলকেও। জামনগর জেলা পুলিশের সুপার প্রদীপ সেজুল ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘ওই কনস্টেবল রিভা জাদেজাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। তার গাড়ি ওর বাইকে ধাক্কা মেরেছিল। আমরা তাকে সব রকম সাহায্য করার চেষ্টা করেছি। এখন যতটা সম্ভব সেই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
 
এক প্রত্যক্ষদর্শীর দাবি, সেই কনস্টেবল নৃশংসভাবে রিভা জাদেজার উপর হামলা চালায় এবং চুল ধরে টানে। সেই সময় উপস্থিত জনতাই রিভাকে সেই কনস্টেবলের হাত থেকে রক্ষা করে। আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় জাদেযার কোনও বক্তব্য পাওয়া যায়নি। 
 
ইত্তেফাক/কেআই