খুলনায় বজ্রপাতে মো. ফয়সাল (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রূপসা উপজেলার দেয়াড়া যুগিহাটি গ্রামের বৈরাগীপাড়ায় এ বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। ফয়সাল ওই গ্রামের মো. মিন্টু শেখের ছেলে। তার পিতা খুলনা শহরের বড় বাজারের একজন মাছ ব্যবসায়ী। ফয়সার স্থানীয় বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফয়সাল তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে সে গুরুতর দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় ফয়সালকে খুলনা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।
এদিকে, দুপুরের পর লাশ বাড়ি নিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে দাফনের জন্য নেওয়ার সময় তার শরীর নড়ে ওঠে। এ সময় খাটিয়া থেকে তাকে নামিয়ে পুনরায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে নেওয়ার পর বিকেলে তার মৃত্যু হয় বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
ইত্তেফাক/নূহু