টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশ সখীপুর উপজেলার বিভিন্ন সড়কে বিশেষ অভিযান চালিয়ে ৭৭টি মোটরসাইকেল আটক করে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে চালকদের নামে মামলা করেছে।
মঙ্গলবার সখীপুর পৌর শহরসহ বিভিন্ন মোড়ে সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চলে।
টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে জেলা ট্রাাফিক পুলিশের চার ইন্সপেক্টরের (টিআই) নেতৃত্বে ট্রাফিক পুলিশের বিশেষ টিম সখীপুর উপজেলায় অভিযান চালায়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭৭ টি মোটরসাইকেল আটক করে এবং চালকদের নামে মামলা দায়ের করেন। মোটরসাইকেলগুলো আটকের পর সখীপুর থানা পুলিশ লাইনে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অভিযান চালানো হয়। অভিযানে চালকের হেলমেট,ইনস্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় চালকদের নামে মামলা করা হয়েছে। চালকদের পরবর্তীতে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ কার্যালয়ে হাজির হয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অপরাধ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হবে
ইত্তেফাক/রেজা