গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার কলাবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের নরেশ হালদারের সাথে একই গ্রামের অখিল হালদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল অখিল হালদার বিরোধপূর্ণ জায়গায় ঘর তুলতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে অখিল হালদারের লোকজন নরেশ হালদারের দুর্গা মন্দির ও প্রতিমা ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে নরেশ হালদারের লোকজন অখিল হালদারের বাড়ি-ঘর ভাঙচুর করে বলে পাল্টা অভিযোগ উঠেছে। দু'পক্ষের এই সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর দুলাল হালদার (৩৫) অসীত হালদারকে (২৫) কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নরেশ হালদার বলেন, অখিল হালদার ও তার লোকজন আমার বাড়ির দুর্গা মন্দির ও প্রতিমা ভাঙচুর করেছে। এ ঘটনা ধামাচাপা দেবার জন্য আমার বিরুদ্ধে বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ এনেছে।
অখিল হালদার বলেন, নরেশ হালদার তার লোকজন নিয়ে আমার বাড়ি-ঘর ভাঙচুর করেছে। অপরদিকে তিনি নিজেদের মন্দির ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মন্দির ভাঙার মিথ্যা অভিযোগ করছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক বলেন, এ ঘটনায় কোন পক্ষের থেকে কোন অভিযোগ পাইনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসএস