অজ্ঞাত পরিচয়ের সেই মানসিক ভারসাম্যহীন নারীর দু’মাস বয়সী ছেলে সন্তানের অবশেষে ঠাঁই হলো এক কৃষক দম্পতির ঘরে। আজ বুধবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা প্রশাসনের সহায়তায় ওই শিশুকে দত্তক নিয়েছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার গুংগিয়ারগাঁও গ্রামের নিঃসন্তান দম্পতি আব্দুর রহিম (২৮) ও তার স্ত্রী লোবনা আক্তার (২২)।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবু জানান, চলতি বছরের ২৬ মার্চ সকালে খালিয়াজুরী পাঁচহাট গ্রামের পূর্ব পাঁচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বারান্দায় ওই মানসিক ভারসাম্যহীন নারী একটি ছেলে সন্তান প্রসব করেন। পরে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সুফিয়া বেগম (৫৫) সেই সন্তানকে ১২ দিন লালন-পালন করার পর তিনি বিষয়টি আমাকে জানান।
নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসন থেকে সুফিয়া বেগমকে নগদ কিছু অর্থ সহায়তা দিয়ে শিশুটিকে তার হেফাজতেই রাখা হয়। পরে সন্তান পালনে অক্ষম ও অবুঝ নারীর বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন খালিয়াজুরী নামের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়া হয়। এতে ব্যাপারটি ব্যাপক জানাজানি হয়। এক পর্যায়ে ওই দম্পতি সন্তানটিকে দত্তক নিতে আসেন। পরে আমি ও খালিয়াজুরী থানার ওসি হযরত আলী মিলে শিশুটিকে দত্তক দেই। শিশুটির নাম রাখা হয়েছে সাদ আব্দুল্লাহ।
ইত্তেফাক/এসএস