জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক নির্মূলে প্রতিশ্রুতি নিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রংপুর বিভাগের চার জেলায় ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর চার সদস্য। রংপুর অফিসের পাঠানো খবর থেকে এ তথ্য জানা গেছে।
রংপুর
রংপুর নগরীর হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহিন মিয়া (৩০) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মাঝ রাতে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে হাজিরহাট ব্রিজ এলাকায় মাদক বেচাকেনা করছিলেন শাহীন ও তার লোকজন। এসময় পুলিশের একটি টহলদল গোপন খবরের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছুলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে শাহীন মারা যান এবং অন্যরা পালিয়ে যান। বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। এরা হলেন, এসআই জাবেদ, এএসআই সেলিম ও সাঈদ এবং কনস্টেবল আতাউর।
লালমনিরহাট
সদর উপজেলার কুলাঘাট ধরলা সেতুর কাছে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নুর আলম এশা (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৬টি রামদা ও কিছু গুলির খোসা উদ্ধারের দাবি করেছে।
গাইবান্ধা
পলাশবাড়ী উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু মিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকালে গাইবান্ধার র্যাব-১৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহত রাজু পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রাইগ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার বিশ্রামগাছি গ্রামে মাদকবিরোধী অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালান রাজু। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে রাজু নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্যও। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা জব্দ করা হয়েছে। রাজুর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
ঠাকুরগাঁও
সদর উপজেলার ভাতারমাড়ী ফার্ম নামক স্থানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলতাফুর নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী। বুধবার ভোর ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জেলা পুলিশের পক্ষ থেকে টেলিফোনে জানানো হয়েছে।
জেলা পুলিশ জানায়, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী দুই থানার পুলিশের এক যৌথ অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানসহ দুই পুলিশ সদস্য।
ইত্তেফাক/এসএস