উনাই এমেরিই আর্সেনাল কোচ হতে যাচ্ছেন এমন গুঞ্জন চলছিল। তবে ক্লাব বা এমেরির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এর মধ্যেই এমেরি নিজের ওয়েবসাইটে আর্সেনালে যাওয়ার খবর দিয়ে আবার সরিয়ে নেন। যে কারণে এই নিয়ে তৈরি হয় কৌতুহলে শেষ পর্যন্ত আর্সেনাল আনুষ্ঠানিকভাবে আর্সেন ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হিসেবে ৪৬ বছর বয়সী এমেরিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করল।
সেভিয়া ও প্যারিস সেন্ট জার্মেইর সাবেক এই কোচ দুই বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবব্ধ হয়েছেন। ২০১৭-১৮ মৌসুমে লিগ ওয়ান শিরোপা জয়ের পরও পিএসজি থেকে বিদায় নিতে হয় এমেরিকে। তবে নতুন মৌসুম শুরুর আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটিতে নতুন ঠিকানা গড়ে নিলেন তিনি।
আর্সেনাল ক্লাবের প্রধান নির্বাহী ইভান গ্যাজিডিসি বলেন, মাঠের ক্যারিয়ারে উনাই এর দুর্দান্ত রেকর্ড আছে। তার কাজের প্রতি আগ্রহ, কঠোর পরিশ্রম প্রিয়তা, মূল্যবোধ এসব কারণে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আশা করছি আমাদের তরুণদের নিয়ে সে লক্ষ্য পূরণে সক্ষম হবে।
অপরদিকে নিয়োগের পর এমেরি বলেন, সেরা ক্লাবগুলোর একটিতে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। তার খেলার ধরনের জন্য আর্সেনাল সারা বিশ্বে পরিচিত। দলটির রয়েছে কিছু তরুণ খেলোয়াড় ও দারুণ এক মাঠ।
১৯৯৬ সালের পর ২২ বছরের মধ্যে দ্বিতীয় ম্যানেজার হিসেবে যোগ দিলেন এমেরি। দীর্ঘ ২২ বছর কোচের দায়িত্বে থাকা আর্সেন ওয়েঙ্গার চলতি মৌসুম থেকে ক্লাবটি সঙ্গে সম্পর্কের অবসান ঘটান। এই মৌসুমে প্রিমিয়ার লিগে গানারদের অবস্থান ষষ্ঠ।
ইত্তেফাক/কেআই