যশোরে ছুরিকাঘাতে আহত পারভীনা খাতুন নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় থানায় ৩-৪জনের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ এ পর্যন্ত তা রেকর্ড করেনি। এমনকি কোন আসামিকে আটক করেনি।
পারভীনের লাশ বুধবার রাত ৯টার দিকে বাড়িতে আনা হয়েছে। তিনি যশোর শহরের রায়পাড়া এলাকার হাসিবুর রহমানের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, বখাটেদের হামলায় আহত হওয়ার পর পারভীনাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর সেখানে অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড (স্থানান্তর) করেন ডাক্তাররা। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ৯টার দিকে তার লাশ বাড়িতে আনা হয়।
এদিকে পারভীনা আহত হওয়ার পর তার পরিবার রায়পাড়ার খোকনের ছেলে বখাটে অন্তরসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। কিন্তু পুলিশ সে অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করেনি।
প্রসঙ্গত গত ১৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় শহরের রায়পাড়ায় পারভীনাকে ছুকিাঘাত করে একই এলাকার অন্তরসহ কয়েকজন বখাটে। ওই সময় পারভীনা সাংবাদিকদের জানিয়েছিলেন, তার ছোট বোনের (দশম শ্রেণির ছাত্রী) সঙ্গে অন্তরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু অন্তর বখাটে হওয়ায় পরিবারের কেউ তাকে মেনে নেয়নি। পরে অন্তর সহযোগীদের নিয়ে তার ছোট বোনেকে তুলে নেয়ার চেষ্টা করে। বাধা দেয়ায় অন্তর তাকে ছুরি মেরে দলবল নিয়ে পালায়।
ইত্তেফাক/আরকেজি