পাবনার আটঘরিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা-চাটমোহর সড়কের উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাফাত হোসেন (১৬) ও একই গ্রামের রাজু প্রামাণিকের ছেলে রোহান হোসেন (১৫)। হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, পাবনা থেকে নিশি অনন্য নামের একটি যাত্রীবাহী বাস চাটমোহরে যাচ্ছিল। পথিমধ্যে আটঘরিয়া উপজেলার উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর নিহত হন। গুরুতর আহত আরেকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। বাসটি জব্দ করেছে পুলিশ।
ইত্তেফাক/এসএস