সাতক্ষীরায় বিরল রোগে মারা যাওয়া সেই মুক্তামনির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এসএম জগলুল হায়দার মুক্তামনির পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে এ আর্থিক সহায়তা দেন।
এ সময় এসএম জগলুল হায়দার বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে মুক্তামনির চিকিৎসার যাবতীয় দায়ভার গ্রহণ করেছিলেন। তাই তার মৃত্যুর পরে বাকী কাজটুকু প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তামনির কবর পাকাকরণ, টাইলস সামগ্রী ক্রয় এবং মিলাদ-মাহফিলের জন্য তার বাবা ইব্রাহিম হোসেনের কাছে কিছু আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার সকাল সোয়া ৮টার দিকে রক্তনালীতে টিউমার আক্রান্ত বহুল আলোচিত মুক্তামনি তার নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে মারা যায়।
ইত্তেফাক/এসএস