কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় বিএনপি নেতা নিহত

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় মো. নুরুল ইসলাম শেখ (৫৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে (পশ্চিমে) তুমলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ।
 
নিহত নুরুল ইসলাম শেখ উপজেলার তুমলিয়া গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। তিনি কালীগঞ্জ থানা বিএনপির সদস্য ও পৌর শাখা ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।   
 
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. জহির আলী জানান, বাড়ির পাশে ধানের খড় শুকাতে যান নুরুল ইসলাম। এ সময় ঢাকার দিক থেকে আসা ব্রাহ্মণবাড়ীয়ামুখী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশীষ বণিক ও মাহমিদা শারমীন তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ ব্যাপারে আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার মো. তারেকুল ইসলাম বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/নূহু