র্যাব-১৪ ময়মনসিংহে ৩৭ হাজার পাঁচশ' পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। গতকাল বুধবার রাতে এ আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নেত্রকোনা কলমাকান্দার মো. ইউনুস আলীর ছেলে মো. আলী রাজ (২০) ও পুর্বধলার মো. মনজুরুল হকের ছেলে মো. রুবেল মিয়া নীরব (২০)। র্যাব-১৪ এর সহকারী পরিচালক মো. মাহবুব উল আলম বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গতকাল বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে শহরের সেহড়া চামড়াগুদাম এলাকায় এস এ পরিবহনে আসা মালামাল নেয়ার সময় ওই দু’জনকে আটক করা হয়। এ সময় কার্টুনে ভরা ভারতীয় প্রসাধনী ভাটিকা ক্রিম কৌটার ভিতরে থাকা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল সেট জব্দ করে। আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম ও নেত্রকোনায় একাধিক মামলা রয়েছে। র্যাব জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
ইত্তেফাক/এসএস