রানা প্লাজা ভবন ধসের ৬১ মাস পূর্তি উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধসে পড়া রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে সোহেল রানাসহ সকল দোষীদের শাস্তি দাবির পাশাপাশি ঈদ-উল ফিতরের অন্তত ১০ দিন আগে সকল কারখানায় কমপক্ষে বেসিকের সমান বোনাস ও জুন মাসের অর্ধেক বেতন প্রদান এবং ১৬ হাজার টাকা মজুরির দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ।
সংগঠনের সাভার শাখার নেতা আলম মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার, দপ্তর সম্পাদক মুছা কলিমুল্লাহ, সাভার শাখার সংগঠক সেলিনা আক্তার, নিহত শ্রমিক ফজলে রাব্বির মা রাহেলা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস চলছে। তাই কারখানাগুলোতে ৬টা থেকে রাত ৮টা ৯টা পর্যন্ত শ্রমিকদের কাজ করানো হচ্ছে। শ্রমিকদের সাপ্তাহিক ছুটিও জুটছে না জেনারেল বা বাধ্যতামূলক ওভারটাইমের চাপে। এত চাপ সহ্য করে শ্রমিকরা কাজ করছেন কিন্তু এ বছর ঈদের আগে কতগুলো কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজপথে নামতে হবে তার গ্যারান্টি কেউ দিতে পারছে না।
শ্রমিক নেতৃবৃন্দ ক্ষোভের সঙ্গে বলেন, প্লাজা ধসের ৬১তম মাস অতিক্রান্ত হচ্ছে। নিহত শ্রমিকদের স্বজনরা আন্দোলন করে যাচ্ছে সোহেল রানাসহ দোষীদের বিচারের দাবিতে। কিন্ত আজ পর্যন্ত বিচার প্রক্রিয়াই শুরু হলো না। রানা প্লাজা ধসে সোহেল রানাসহ সকল দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা।
ইত্তেফাক/নূহু