রাজশাহী মহানগরীতে পুলিশের ভ্যান থেকে পালানোর সময় এক নারী ‘মাদক ব্যবসায়ী’ গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। আজ বুধবার দিবাগত রাত ৯টার দিকে চারখুঁটার মোড়ে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নারী আজিজা খাতুন (৪০) মহানগরীর টুলটুলি পাড়ার জনৈক এরাজ আলী ভিকুর স্ত্রী। ওই নারীকে পুলিশি হেফাজতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙা থানার ওসি রবিউল ইসলাম বলেন, আজিজা খাতুন একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে। নগরীর টুলটুলি পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে আসার পথে চারখুঁটার মোড়ে হাতকড়া বিহীন অবস্থায় থাকা ওই নারী দুই নারী পুলিশ কনস্টেবলকে সদস্যকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন বাধ্য হয়ে পুলিশ তাকে গুলি করে। গুলিটি তার ডান পায়ে লেগেছে। এ ব্যাপারে কাশিয়াডাঙ্গা থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এসএস