জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুতের নতুন লাইন নির্মাণ কাজ করতে গিয়ে ৩ বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন বিদ্যুৎকর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৪মে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামে পুরাতন পল্লী বিদ্যুৎ লাইনের পাশ দিয়ে নতুন করে আরো একটি পল্লী বিদ্যুতের লাইন নির্মাণের কাজ চলছিল। এজন্য খুঁটি স্থাপনের কাজ করছিলো কিছু সংখ্যক কর্মী। পুরাতন লাইনে বিদ্যুৎ চালু রেখে নতুন খুঁটি স্থাপন করতে গেলে খুটিটি হঠাৎ চলমান বিদ্যুৎ লাইনের ওপর আছড়ে পড়ে। এ ঘটনায় তার ছিঁড়ে কর্মরত কর্মীদের ওপর পড়লে ঘটনাস্থলে তাহের (২৮), ওবায়দুর (৩০) এবং হাসান (৩২) নামের ৩ কর্মী নিহত হন।
ওই সময় আহত হন আরো পাঁচ বিদ্যুৎ শ্রমিক। আহতরা হলেন, জামালপুরের হেলাল, জুয়েল, গফরগাঁওয়ের মিঠুন, শফিকুল এবং রুবেল। আহতদের প্রথমে ইসলামপুর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।
ইসলামপুর থানার ওসি শাহীনুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুরে মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু